টাঙ্গাইলে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন—উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নত আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।
স্থানীয়রা জানায়, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বুধবার বিকেলে ফরিদুল ও ইয়াছিন একসঙ্গে একটি নৌকায় রঙের (আলকাতরা মাখা) কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে তারা বজ্রাঘাতে ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা খবর পেয়ে দুজনের মরদেহ বাড়িতে নিয়ে যায়।
দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুশুয়ার চরে বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

মাহমুদুল হাসান, টাঙ্গাইল (ঘাটাইল-ভূঞাপুর-গোপালপুর)