ধনবাড়ী-মধুপুরের উন্নয়নে দুর্নীতি বরদাশত করা হবে না : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
ধনবাড়ী ও মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে কোনো ধরনের উন্নয়নকাজে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।
আজ শুক্রবার (৩ জুলাই) ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ধনবাড়ী-মধুপুরের জনগণের মূল্যবান ভোট ও আস্থার কারণেই তিনি আজ সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তাই জনগণের এই আস্থার প্রতিদান তিনি এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের মাধ্যমেই দিতে চান।
ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই চারদিকে উন্নয়নকাজ শুরু করেছে। পর্যায়ক্রমে এলাকার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকায়ন নিশ্চিত করা হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারদের কাজের সর্বোচ্চ মান বজায় রাখার জোর তাগিদ দিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, জনগণের কষ্টের অর্থে নির্মিত কোনো প্রকল্পে অনিয়ম বা নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কাজের ক্ষেত্রে কোথাও কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি দেখা গেলে স্থানীয় জনগণকে তা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ধনবাড়ী ও মধুপুরে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও জুয়ার কোনো স্থান হবে না। অপরাধ দমনে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সবসময় সর্বোচ্চ সতর্ক থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এমন একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে, যেখানে নারী, শিশু ও সাধারণ মানুষ সম্পূর্ণ নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর আগে মন্ত্রী তার নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে ধনবাড়ী নবাব ঈদগাহ ও খেলার মাঠের মাটিভরাট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজন এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক