নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আজ বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১ জুলাই) ভোরের দিকে শিবু মার্কেট এলাকার ওই ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনটির পাশেই একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট এসে যুক্ত হয়। মোট চারটি ইউনিটের সমন্বিত চেষ্টায় ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্ষেপের কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই পাশের দোকানগুলোর মালামাল নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন পুরোপুরি নেভানো হয়েছে এবং এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)