আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবক নিহত, মহাসড়ক অবরোধ
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে রাতের আঁধারে রক্তক্ষয়ী সংঘর্ষে সুমন শেখ (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার (১ জুলাই) দুপুর থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরে উপজেলা বিএনপি নেতাদের অনুরোধে ও আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় টর্চলাইট জ্বালিয়ে প্রায় তিনঘণ্টা ব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত পাঁচটি গ্রামের মানুষ জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এবং হামলাকারীদের ইট-পাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে দুজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন বাবুর্চির ছেলে সুমনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে জানা যায়, কিছুদিন আগে কাপুড়িয়া সদরদী গ্রামের ইসমাইল মুন্সির ভাগনে এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দারসহ কয়েকজন যুবক। পরবর্তীতে স্থানীয় মুরব্বিরা বসে বিষয়টি মীমাংসা করে দিলেও মঙ্গলবার সন্ধ্যার দিকে হাসামদিয়া গ্রামের ফয়সালসহ কয়েকজন যুবক বাসস্ট্যান্ড থেকে কাপুড়িয়া সদরদীর তিনজনকে তুলে নিয়ে যায়। এই খবর পেয়ে সুমনসহ কয়েকজন সেখানে ছুটে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
নিহতের চাচাতো ভাই জিহাদ শেখের অভিযোগ, তর্কবিতর্কের একপর্যায়ে হাসামদিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সজিব মাতুব্বর আগ্নেয়াস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। সজিবের ছড়া গুলিতেই সুমন শেখের মৃত্যু হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৭ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সুনির্দিষ্টভাবে জানা যাবে। এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।, তবে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত নিয়মিত মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর