৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টা ৫৫ মিনিটে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ড ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়।
আটকরা হলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান (৬৫) ও একই গ্রামের বাসিন্দা মো. মুজাহিদ মিয়া (২৫)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা অভিমুখী বেলঘর বাসস্ট্যান্ড ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে একটি চালান থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ