মহাখালীতে চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) ভবনের পাশে একটি চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশের একটি চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় মালামালে বেলা ১১টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর বেলা ১১টা ২৮ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তালহা বিন জসিম আরও জানান, ওই ভবনের তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন থাকলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আগুন ছড়াতে পারেনি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এনটিভি অনলাইন ডেস্ক