ছাত্রদলনেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও হাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা হানিফ সরকার।
গতকাল সোমবার (২৯ জুন) রাতে সদর উপজেলার হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়সংলগ্ন হাজীপুর বহুমুখী শ্রমিক সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
হাজীপুরে শ্রমিকদলনেতা সোহেলকে ডেকে নিয়ে সংঘবদ্ধ হামলা ও মারধরের অভিযোগে জেলা ছাত্রদলের সদস্য হানিফ সরকারের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
সংবাদ সম্মেলনে হানিফ সরকার বলেন, আমি একজন সামাজিক মানুষ। আমি কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত নই। ঘটনার দিন রাতে ব্যবসায়িক কারণে সোহেলকে ডাকা হয়েছিল। পরে এলাকায় ওত পেতে থাকা কিছু ব্যক্তি তাকে মারধর করে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
হানিফ সরকার আরও বলেন, দলের ভিতর নানা বিভাজন রয়েছে। আমার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে হানিফ সরকার বলেন, আমি এর নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার চাই। তদন্তে যদি আমার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হয় তাহলে যে শাস্তি দেওয়া হবে তা মেনে নেব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিস রহমান সংগ্রাম, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন রনি, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী