ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৮২
বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। আজ মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় ২ জন, চুরির মামলায় ২ জন এবং মাদক মামলায় ৬ জন রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)