গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম : জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো পরমতসহিষ্ণুতা এবং এই গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবেই দেশ কাঙ্ক্ষিত অগ্রগতির পথে এগিয়ে যাবে। আজ শনিবার (২০ জুন) দুপুরে যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৭০ জন সাংবাদিক অংশ নেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার অতীতে গণমাধ্যমে সবচেয়ে বেশি অপপ্রচারের শিকার হওয়া সত্ত্বেও প্রতিশোধের পথে না গিয়ে সহিষ্ণুতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্যাসিবাদী জমানায় অনেক সাংবাদিককে মিথ্যা সংবাদ লিখতে বাধ্য করা হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপিকে কিংবা আমাকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই; সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করুন।
মাদক ও সন্ত্রাসমুক্ত যশোর গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, কারা মাদক ও সন্ত্রাসে জড়িত, সেই নাম যদি আমি দিই, তবে তাতে রাজনৈতিক রঙ দেখা হতে পারে। তাই প্রশাসনের নিজস্ব সোর্স ও গণমাধ্যমের অনুসন্ধানী দৃষ্টি দিয়ে তাদের চিহ্নিত করুন। মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি এক্ষেত্রে সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

সাইফুল ইসলাম সজল, যশোর