খাগড়াছড়িতে বন্যার পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু
খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগান এলাকায় বন্যার প্রবল স্রোতে ভেসে গিয়ে মো. আব্দুল জব্বার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে পানি কিছুটা কমে গেলে স্থানীয়রা একটি বাঁশবাগানে তার মরদেহ আটকে থাকতে দেখে স্বজনদের খবর দেন।
নিহতের ছেলে অহিদুল ইসলাম বলেন, বুধবার সকালে তার বাবা বাড়ির পাশের দোকানে নাস্তা সেরে বন্যার পানি দেখতে ছড়ার পাড়ে যান। সেখানে পানির তীব্র স্রোতে তিনি ভেসে যান। পরে বাঁশবাগান থেকে মরদেহ উদ্ধারের পর খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
কলাবাগান সমাজ কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, রাতে ভারি বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়িতে বন্যার সৃষ্টি হয়। সকালে পানি দেখতে গিয়ে ছড়ার স্রোতে ভেসে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, কলাবাগান এলাকায় পানিতে তলিয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর জেনেছি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি