ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ জুন) দিনগত মধ্যরাতে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে নিজ বাড়ির উঠানে এই ঘটনা ঘটে। এসময় নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে রাতের খাবার খেয়ে সোহেল নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। তার স্ত্রী নুপুর সন্তান নিয়ে পাশের ঘরে শাশুড়ির সাথে ঘুমাচ্ছিলেন। মধ্যরাতে বাড়ির উঠানে আগুন জ্বলতে দেখে সোহেলের স্ত্রী ও মা ঘর থেকে বেরিয়ে আসেন। এসময় তারা উঠানে সোহেলের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জ্বলতে দেখেন। কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর-সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, গভীর রাতে ঘর থেকে বের করে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ