আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
আম পাড়তে গিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আব্দুর রশিদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রশিদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে উপজেলার সোনাহাট দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, রশিদ গত বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তার পাশের আম গাছ থেকে আম পাড়তে যায়। একটি কাঁচা বাঁশ দিয়ে গাছ থেকে আম পাড়ার সময় বাঁশটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা পল্লী বিদ্যুতের তারে লাগে। এতে রশিদ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)