তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কিশোর হত্যা
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে রকি (১৮) নামে এক যুবকের ছুরিকাঘাতে লিয়াকত আলী লাদেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লাদেন ওই এলাকার আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকায় কিশোর লাদেনের সাথে একই ইউনিয়নের দাসপাড়া এলাকার জুয়েলের ছেলে রকির কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যকার এই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে রকি চরম উত্তেজিত হয়ে তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে লাদেনের ওপর অতর্কিত হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে লাদেন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পরপরই ঘাতক রকি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন লাদেনকে দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রধান অভিযুক্তসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)