ঐক্যবদ্ধভাবে বাল্যবিবাহ, মাদক, ইভ টিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব : জেলা প্রশাসক
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভ টিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভ টিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভায় অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ছেলে-মেয়ের মধ্যে কোনো বিভেদ নয়, আসল কথা মানুষের মতো মানুষ হতে হবে। ইভ টিজিং থেকে বাল্যবিবাহের প্রবণতা বাড়ে। সবার সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভ টিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, আব্দুল জলিল, আকবার হোসেন, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কে এম আনিছুর রহমান, এম সাজেদ, আরিফ মাহমুদ, সিয়াম প্রমুখ বক্তব্য দেন।
পরে জেলা প্রশাসক কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের শিষ্টাচার ও নৈতিকতা ক্যাম্পেনিং শীর্ষক আলোচনা সভায় অংশ নেন এবং উপজেলা অডিটরিয়ামে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
পরে উপজেলার পাঁচপোতা আশ্রয়ণ প্রকল্প, হেলাতলা কমিউনিটি ক্লিনিক, উন্নয়ন প্রকল্প কলারোয়া গার্লস স্কুলে সাইক্লোন শেল্টার কাম একাডেমিক ভবন নির্মাণ, টিআর প্রকল্প পৌর ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর মিজ কাউসার আজিজের এটাই প্রথম কলারোয়া উপজেলায় আগমন।
গত ২ মে মিজ কাউসার আজিজ সাতক্ষীরায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৮তম বিসিএস (প্রশাসন) ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁর পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।

কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর, কলারোয়া, তালা ও ভোমরা স্থলবন্দর)