শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাফেজ মাহবুব (২৩) নামে মসজিদের এক ইমামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক করা ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুবুল্লাহ (২৩) স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসায় হাফিজি পড়ালেখা শেষ করে এক মাস ধরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর (বনপাড়া) গ্রামে।
ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে শিশুটি মসজিদে হুজুরের জন্য খাবার নিয়ে গেলে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিপুল মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ভুক্তভোগী শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো ধরনের প্রভাব বা চাপ ছাড়াই অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মোস্তাফিজ আমিন, ভৈরব