হাম ও উপসর্গে আক্রান্ত শিশুদের ভিড়ের মধ্যে না নেওয়ার আহ্বান স্বাস্থমন্ত্রীর
ঈদের সময় মায়েরা যেন হাম বা হাম উপসর্গে আক্রান্ত শিশুদের আত্মীয়-স্বজনের বাড়িতে নিয়ে না যায়, সে অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাচ্চাগুলো যেন অনেক ভিড় আছে এমন জায়গায়ও নিয়ে না যায়।
আজ শনিবার (২৩ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা (হাম) হাইলি ছোঁয়াচে রোগ। এটা সংস্পর্শে গেলেই শ্বাস-প্রশ্বাসে ছড়ায়। কাজেই সবাইকে চেষ্টা করতে হবে। তবে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রেডিক্ট করছেন, ফ্রি মিক্সিংয়ের ফলে এই ঈদে বাস যাত্রা, ট্রেন যাত্রা, আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, এভাবে যদি হাম রোগীর সংস্পর্শে ভালো মানুষ বা সুস্থ বাচ্চারা আসে, তাহলে একটা সম্ভাবনা থাকবে (হামের প্রাদুর্ভাব) আরেকটু বেড়ে যাওয়ার।
যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সে হাসপাতালে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কি না, নাকি ছুটিতে চলে যাবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, থাকবেন ইনশাল্লাহ। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। আমরা সতর্ক করেছি—হামের রোগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তার, নার্সের ছুটি হবে না। (হাসপাতালে) থাকতে হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিলেই যে একটা বাচ্চার হাম হবেই না, এটা বলা যায় না। স্মল পক্স ইজ ফুল্লি ইরাডিকেটেড, কলেরা ইজ ইরাডিকেটেড, এখন কিন্তু কলেরা হচ্ছে। আপনার যদি রেসিস্ট্যান্স মাত্রাটা কেউ ক্রস করে যান, পচা খাবার খেয়ে যান, তাহলে তো কলেরা হবে। ঠিক একই জিনিস এটাও।

নিজস্ব প্রতিবেদক