হাম উপসর্গ নিয়ে চাঁদপুরে শিশুর মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা এলাকায় হামের উপসর্গ নিয়ে ফাইজা ইসলাম (১৩ মাস) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে মোট ৬ শিশুর মৃত্যু হলো।
মৃত শিশু ফাইজা উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের মিয়াজি বাড়ির আলামীন হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ মে শিশু ফাইজার তীব্র জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে দানা দেখা দিলে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মে সকালে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদ হোসাইন জানান, শিশুটি স্পষ্ট হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামের পরবর্তী বিভিন্ন জটিলতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোহেল রানা বলেন, ইদানিং এলাকায় হামের প্রকোপ কিছুটা বেড়েছে। মৃত শিশুটির আগে থেকেই কিছু শারীরিক জটিলতা ছিল।

শরীফুল ইসলাম, চাঁদপুর