ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পতাকা উৎসব
আগামী ১১ জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। তবে মাঠে বল গড়ানোর আগেই কুমিল্লায় শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা। কার চেয়ে কে বড় পতাকা টানাতে পারেন, তা নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা।
কুমিল্লার হোমনা উপজেলার মীরশিকারি গ্রামে গিয়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। গ্রামের সড়কের দুই পাশে সারি সারি মুলিবাঁশ পুঁতে তার মাথায় টানানো হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার বিশাল সব পতাকা। বাতাসে দোল খেয়ে উড়ছে সেই রঙিন পতাকাগুলো। সব মিলিয়ে পুরো এলাকা যেন রূপ নিয়েছে এক ছোটখাটো ফুটবল নগরীতে।
গতকাল সোমবার (১৮ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই সড়কটি দিয়ে যাতায়াত করা পথচারীদের অনেকেই মুগ্ধ হয়ে থমকে দাঁড়াচ্ছেন। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, আবার কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছেন এই নান্দনিক দৃশ্য।
উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থক ফয়সাল আহমেদ বলেন, বিশ্বকাপ শুরু হতে এখনও কিছুদিন সময় বাকি আছে। কিন্তু এখন থেকেই প্রিয় দলের পতাকা টানাতে অন্যরকম এক আনন্দ লাগছে। আমি ইতোমধ্যেই ব্রাজিল দলের দুটি জার্সি কিনেছি। এর মধ্যে একটি নিজের জন্য রেখেছি এবং অন্যটি আমার বন্ধু সুমনকে উপহার দিয়েছি।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনার সমর্থক রাতুল বলেন, নিজের জমানো টাকায় প্রিয় দলের পতাকা কিনে টানানোর আনন্দই আলাদা। বন্ধুদের নিয়ে বড় পর্দায় খেলা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি।
ফুটবলপ্রেমীদের এই উন্মাদনা নিয়ে স্থানীয় ঘাড়মোড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা বলেন, হোমনায় প্রিয় দলের পতাকা টানানো দীর্ঘদিনের একটি ঐতিহ্য। খেলাকে ঘিরে মানুষের এই উচ্ছ্বাস ও আনন্দ অবশ্যই ইতিবাচক। তবে আমাদের খেয়াল রাখতে হবে, সবাই যেন খেলাকে শুধুই বিনোদন হিসেবে উপভোগ করে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা