নিখোঁজ প্রতিবন্ধী যুবককে ১৩ দিন পর ফেরত দিল বিএসএফ
নিখোঁজ হওয়ার ১৩ দিন পর ভারত থেকে নিজ বাংলাদেশে ফিরেছেন মানসিক প্রতিবন্ধী যুবক বকুল মণ্ডল। পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার (১৬ মে) রাতে তাকে বিজিপির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বকুল মণ্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়–ইকুড়ি (মরারপাড়া) গ্রামের লুৎফর রহমান মণ্ডলের ছেলে। বিজিবি ও পরিবারের সদস্যরা জানান, গত ৩ মে বাড়ি থেকে নিখোঁজ হন বকুল মণ্ডল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মানসিক ভারসাম্যহীন হওয়ায় বকুল মন্ডল ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের কলকাতায় চলে যান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতায় এক বাংলাদেশি যুবক অসুস্থ অবস্থায় পড়ে থাকার ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা সেই ছবি দেখে বকুলকে শনাক্ত করে। বকুলের পরিচয় নিশ্চিত হওয়ায় ওপারের মানুষের সহায়তায় তিনি বাংলাদেশে অবৈধভাবে ফেরার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে বিএসএফ সদস্যরা সীমান্তের একটি বাড়ি থেকে বকুলকে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যায়।
এরপর বিষয়টি বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়। শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়ন চড়াইকুড়ি সীমান্ত পিলার ১৫৭/২(এস) এর কাছে বিজিবি চিলমারি ক্যাম্প এবং ভারতের বিএসএফ চরভদ্র ক্যাম্পের সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করে।
আজ রোববার বেলা ১১টায় বিজিবি বকুলকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়। এ সময় বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া