গ্রেপ্তার এড়াতে ইয়াবা খেয়ে গুরুতর অসুস্থ যুবক, ঢাকায় প্রেরণ
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক যুবক। আজ বৃহস্পতিবার বিকেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
গ্রেপ্তার হওয়া যুবক সোহাগ ফকিরের (৩৬) বাড়ি সদর উপজেলা পশ্চিম রাস্তি গ্রামে।
জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যান ডিবি পুলিশের সদস্যরা। এ সময় সেখানকার একটি স-মিলের পাশ থেকে পশ্চিম রাস্তি গ্রামের সোহাগ ফকিরকে আটক করেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সোহাগ তার সঙ্গে থাকা একটি প্যাকেট ছিড়ে ১৯টি ইয়াবা গিলে খেয়ে ফেলে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাসি চালিয়ে আরেকটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়। এ সময় ওই মাদক ব্যবসায়ী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, আটক সোহাগ ফকিরের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। গ্রেপ্তার এড়াতেই মূলত সে ইয়াবা গিলে খেয়ে ফেলেছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর