প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সুষম উন্নয়ন চান : তথ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বৈষম্যহীন সুষম উন্নয়ন চান বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ মঙ্গলবার (১২ মে) ময়মনসিংহে খাল পুনর্খনন ও সড়কের উন্নয়নকাজ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আজ দিনব্যাপী তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় দলীয় বিভিন্ন মতবিনিময় সভা এবং জনসমাবেশে অংশ নেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান বলেন, দলমত নির্বিশেষে উন্নয়ন কর্মকাণ্ড একসঙ্গে সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে দেশ গড়ার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
প্রতিমন্ত্রী তারাকান্দা-ফুলপুরে সরকারি দল ও বিরোধী দলের বন্ধুসুলভ আচরণে সন্তোষ প্রকাশ করেন। তাকে স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির পক্ষ থেকে ফু্লেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, তারাকান্দা-ফুলপুরে সরকারি ও বিরোধীদলের বন্ধুসুলভ শান্তিপূর্ণ সহাবস্থান উন্নয়নের জন্য সহায়ক পরিবেশ। প্রধানমন্ত্রীও সরকারি ও বিরোধদলের মধ্যে সহাবস্থানে বিশ্বাসী। তাই উন্নয়নের ক্ষেত্রে বিরোধীদলের এমপির এলাকার উন্নয়নে কোনো বৈষম্য হবে না।
এসব কর্মসূচিতে সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রুকন, এবং সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ