স্বাস্থ্যখাতে বিশাল নিয়োগ প্রক্রিয়া চলছে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যখাতে বিশাল নিয়োগ প্রক্রিয়া চলছে। সরকার স্বাস্থ্যসেবাকে তৃণমূল ও গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। আজ শনিবার (১৮ জুলাই) রাতে নরসিংদীর মনোহরদীর গাংকুলকান্দী ভূঁইয়া বাজার সংলগ্ন মাঠে নব দিগন্ত ক্লাবের আয়োজিত মেধা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একাত্তরে একটি গোষ্ঠী আমাদের মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। বাংলাদেশকে মেধা শূন্য করার উদ্দেশে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করেছিল। সেই রাজাকারদের রাজনৈতিক গুষ্টিকে এ দেশের মাটিতে বর্জন করতে হবে, নয়তোবা এই বাংলাদেশ থাকবে না। তাদের এবং পাক হানাদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেই আমরা এই দেশটাকে স্বাধীন করেছি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনও নানামুখী ষড়যন্ত্র চলছে। তাই আজকের কোমলমতি শিক্ষার্থীদের সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং তাদের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।
দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশাল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে একদম তৃণমূল ও গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী মেধা তালিকায় স্থান পাওয়া ৪০ জন শিক্ষার্থীর হাতে মেধা বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাক আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ।
এ ছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী