তেল বিক্রিতে অনিয়ম, ফিলিং স্টেশনের ম্যানেজারকে জেল-জরিমানা
জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেল নিয়ে অনিয়ম ও কালোবাজারে বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা ও কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জ সংলগ্ন ঝর্ণা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ানুল ইফতেখার।
রেজুয়ানুল ইফতেখার বলেন, দীর্ঘদিন ধরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গোপনে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে অনিয়মের সত্যতা মিললে স্টেশনটির ম্যানেজার মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৬ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রেজুয়ানুল ইফতেখার আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এবং বাজারে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)