‘জামায়াত সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে’
জামায়াতে ইসলামী দেশের স্বার্থে জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে, আগামীতেও করবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
আজ রোববার (৩ মে) সকালে দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল হালিম এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, সংসদে প্রথম অধিবেশনের সমাপ্তিতে সংসদের বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্যে দেশের জনগণ বার্তা পেয়েছেন। জামায়াত দেশের স্বার্থে জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে ও করবে। গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, জামায়াত সরকারি দলের জন আকাঙ্ক্ষার বিপরীতে যেকোনো পদক্ষেপের সমালোচনা করবে। গণভোটে ৭০ শতাংশ ভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বিজয়ী জনরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।
আবদুল হালিম আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে ও বাস্তবায়ন করবে।
জামায়াতের এ নেতা বলেন, জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠনের মজবুতি অপরিহার্য। দাওয়াতি কাজের সম্প্রসারণ, আত্ম গঠন, কর্মী গঠন ও জনশক্তির মান উন্নয়নে সাংগঠনিক কার্যক্রম আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জানমালের কুরবানির ক্ষেত্রে জামায়াতের জনশক্তিকে আরও উদ্বুদ্ধ করতে দায়িত্বশীদের প্রতি আহ্বান জানান তিনি।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ও সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্যবৃন্দ, উপজেলা আমির ও সেক্রেটারিবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক