নিজ বাসা থেকে ইয়াবাসহ আটক ছাত্রদলনেতা
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. আরাফাত রহমান অভির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২ মে) রাত ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক আরাফাত রহমান অভি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভির বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তার ঘর তল্লাশি করে ৫১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আরাফাত রহমান অভির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে মাদক ও টাকা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)