বরগুনায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ
বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। আজ হস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, বরগুনার পাথরঘাটা থানাধীন কাকচিরা ইউনিয়নের বিষখালী নদী সংলগ্ন এলাকায় বুধবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চলিয়ে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি এবং চোরাচালান কাজে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ড ভ্যানসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
জব্দকৃত সকল আলামত ও আটক চোরাকারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)