সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে রিসিভার নিয়োগের নির্দেশ আদালতের
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি তালাবন্ধ ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ এবং ফ্ল্যাটে রক্ষিত মালামালের তালিকা (ইনভেন্টরি) তৈরির জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। দুদকের ওই আবেদনে উল্লেখ করা হয় যে আদালতের গত ১২ জানুয়ারির আদেশ অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের ফ্ল্যাট দুটি সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের পরিচালককে (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) ‘রিসিভার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
তবে ফ্ল্যাট দুটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় রিসিভারের পক্ষে সেখানে প্রবেশ করা বা সেগুলো ভাড়া দেওয়ার উপযোগী করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে ফ্ল্যাট দুটির দখল নেওয়া, রিসিভারের প্রবেশ নিশ্চিত করা এবং ভেতরে থাকা মালামালের ইনভেন্টরি তৈরির জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রয়োজন। মূলত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে কোনো আইনি বাধা ছাড়াই প্রক্রিয়াটি সম্পন্ন করতেই দুদক এই আবেদনটি করেছিল, যা আজ মঞ্জুর করেন আদালত।

আদালত প্রতিবেদক