বিএনপির বড় শক্তি দেশের সাধারণ মানুষ : বিমান ও পর্যটনমন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং দেশের উন্নয়ন সাধন করা। তাই আমরা মনে করি, দলের সবচেয়ে বড় শক্তি হলো দেশের সাধারণ মানুষ বলে উল্লেখ করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজকোর্ট প্রাঙ্গণে লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
লিগ্যাল এইড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার উদ্যোগে দেশে লিগ্যাল এইড কার্যক্রমের প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়। এর ফলে অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার সুযোগ পাচ্ছে। এ উদ্যোগকে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি।
আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী ও বিচারকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দায়িত্বশীল হতে হবে।
মন্ত্রী উল্লেখ করেন, এখনও অনেক মানুষ অভিযোগ করে যে তারা যথাযথ আইনি সহায়তা পায় না। এই বাস্তবতা পরিবর্তনে আইনজীবীদের আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।
দুর্নীতিমুক্ত বিমান খাত গড়ার প্রত্যয় ব্যক্ত করে নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততার সঙ্গে পালন করতে চাই। বিমান মন্ত্রণালয়ে যেসব অনিয়ম ও দুর্নীতি রয়েছে সেগুলো দূর করে একটি স্বচ্ছ ও আধুনিক খাত গড়ে তুলতে চাই।
মন্ত্রী বলেন, বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে কোনো লাভ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে মানিকগঞ্জকে একটি উন্নত জেলায় পরিণত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, অনেকে আমাকে ভোট দিয়েছেন, আবার অনেকে দেননি—তবুও আমি সবার প্রতিনিধি হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, অসহায় মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে আইনজীবীরাই সবচেয়ে বড় ভরসা। তাই আপনাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে সাধারণ মানুষ আস্থা ও আত্মবিশ্বাসের সঙ্গে আইনি সহায়তা নিতে পারে।
সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা, পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরতাজ আলম বাহারসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা।
দিবসটি উপলক্ষে সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজকোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়।
আলোচনা সভা শেষে দুপুরে মন্ত্রী মানিকগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলো ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণকাজ উদ্বোধন করেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ