১ জুলাই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু : পরিবেশ প্রতিমন্ত্রী
আগামী ১ জুলাই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কিছু জটিলতার কারণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম বন্ধ ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আরিচা মহাসড়ক ঘিরে ময়লার ভাগাড় তৈরি হওয়ায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে ল্যান্ডফিলে বর্জ্য ফেলা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। ল্যান্ডফিলে প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য ফেলার কারণে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং পরিবেশ দূষণ বাড়ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এ দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
ল্যান্ডফিল পরিদর্শনকালে পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহিদুর রহমান