সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
ফরিদপুর সদর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক আকাশ (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার (১৯ এপ্রিল ) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত উপাসনা ঘোষ শহরের ঝিলটুলী এলাকার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রূপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেলযোগে উপাসনা ঘোষকে নিয়ে টেপাখোলা রিয়ো পেট্রল পাম্প থেকে জ্বালানি নিয়ে বেড়িবাঁধ হয়ে শহরে আসছিলেন। পথিমধ্যে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেলচালক আকাশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালকের হেলপার হোসেন মোল্লাকে (১৯) হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

সঞ্জিব দাস, ফরিদপুর