পয়লা বৈশাখে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, সারাদেশে আজ পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে। সরকারি ছুটির দিন হওয়ায় উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্য আনা-নেওয়াসহ বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
আগামীকাল বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম নিয়মিতভাবে শুরু হবে।
এদিকে বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্য সময়ের মতোই স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

জাহিদুল ইসলাম, হিলি