দেশের বাজারে বাড়ল ফার্নেস অয়েলের দাম
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েল বা ফর্নেস তেলের দাম লিটারপ্রতি এক লাফে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বৃদ্ধির এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই সিদ্ধান্ত আজ রাত ১২টা থেকেই কার্যকর হতে যাচ্ছে।
দাম বৃদ্ধির ফলে প্রতি লিটার ফার্নেস অয়েলের বর্তমান মূল্য ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সায় দাঁড়িয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে এই তেলের দাম লিটারে ১৬ টাকা কমানো হয়েছিল। দুই মাসের মাথায় আবারও বড় অংকের এই মূল্যবৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফার্নেস তেলের মূল্য নির্ধারণের ক্ষমতা আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে থাকলেও অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে ন্যস্ত করে। ক্ষমতা হস্তান্তরের পর এটি বিইআরসি কর্তৃক দ্বিতীয়বারের মতো দাম সমন্বয়। এখন থেকে বিপিসির নিয়ন্ত্রণাধীন সরকারি চার তেল বিপণনকারী কোম্পানি—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল এই নতুন দামে তেল বিক্রি করবে। এই তেলের প্রধান গ্রাহক সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
উল্লেখ্য, সরকারের নির্বাহী আদেশে সবশেষ ২০২৪ সালের ২ আগস্ট ফার্নেস তেলের দাম নির্ধারিত হয়েছিল। এরপর বিইআরসি এই দায়িত্ব পাওয়ার পর গত বছরের ২০ জানুয়ারি বিপিসি এবং চারটি তেল বিপণন কোম্পানির কাছ থেকে দাম পরিবর্তনের প্রস্তাব পায়। সেই প্রস্তাবের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি গণশুনানি শেষে আজ এই নতুন মূল্য নির্ধারণ করা হলো।

নিজস্ব প্রতিবেদক