মেঘনার বালুচর গায়েব, হুমকির মুখে কোটি টাকার নদী রক্ষা বাঁধ
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু কেটে নেওয়ায় কয়েক একর বালুচর বিলীন হয়ে গেছে, যার ফলে দেখা দিয়েছে তীব্র ভাঙন আতঙ্ক।
উপজেলার চরভৈরবীর ১নং গাজীনগর এলাকায় নদী রক্ষা বাঁধ সংলগ্ন বিশাল বালুচরটি ছিল স্থানীয় শিশু-কিশোরদের খেলার প্রধান জায়গা। স্থানীয়রা জানান, সোমবার (৬ এপ্রিল) বিকেলেও সেখানে কিশোররা ফুটবল খেলেছে। কিন্তু মঙ্গলবার সকালে দেখা যায়, পুরো চরটি বিলীন হয়ে সেখানে গভীর পানির খাদ তৈরি হয়েছে। প্রভাবশালী একটি চক্র ড্রেজার দিয়ে বালু তুলে নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বালুচরটি বিলীন হয়ে যাওয়ায় মেঘনার স্রোত এখন সরাসরি নদী রক্ষা বাঁধে আঘাত করছে। স্থানীয় বাসিন্দা দুলু মুন্সি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে ছেলেরা ফুটবল খেলত, সকালে এসে দেখি সেই মাঠটাই নেই। এভাবে বালু কাটলে বাঁধ টিকবে না, আর বাঁধ ভেঙে গেলে আমাদের ঘরবাড়ি ও জমি সব নদীতে তলিয়ে যাবে।
অবৈধ বালু উত্তোলনের এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সাতজনকে আসামি করে মঙ্গলবার হাইমচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, বাকি দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কংক্রিটের ব্লক ফেলা হচ্ছে এবং স্থায়ী সুরক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ইউএনও জানান, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর