ঝড়ে রেললাইনে গাছ উপড়ে ট্রেন চলাচল ব্যাহত
নোয়াখালীতে মধ্যরাতের ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-নোয়াখালী ও লাকসাম-নোয়াখালী রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’সহ একটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সোমবার (৭ এপ্রিল) মধ্যরাতে নোয়াখালী জেলা শহর মাইজদী, চৌমুহনী, সোনাইমুড়ীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। ঝড়ে রেললাইনের একাধিক স্থানে বড় বড় গাছ উপড়ে পড়লে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৬টায় নোয়াখালী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস। পথে হরিনারায়ণপুর স্টেশনে গাছ উপড়ে থাকায় ট্রেনটি আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ অপসারণ করলে সেটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছায়। সেখানেও দীর্ঘক্ষণ আটকে থাকার পর সকাল ৮টা ২৩ মিনিটের দিকে মাইজদী বসিরার দোকান ও ইমাম বাজার সংলগ্ন রেললাইনের গাছ সরানো হলে ট্রেনটি চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
ট্রেনের চালক রফিকুল ইসলাম জানান, লাইনের অনেক জায়গায় গাছ পড়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে যাত্রী নিয়ে সাবধানে এগোতে হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে গাছ অপসারণের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় এবং গন্তব্যে পৌঁছাতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অধিকাংশ যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
নোয়াখালী রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, ভোর থেকেই রেলওয়ে কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাইন পরিষ্কারের কাজ শুরু করেন। রেললাইনের ওপর পড়ে থাকা গাছগুলো অপসারণ করা হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী