কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড
কিশোরগঞ্জের পুলেরঘাটের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার সংলগ্ন মাইজহাটি এলাকায় অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা বলেন, রাত ৯টার দিকে মাইজহাটি পল্লী বিদ্যুতের সাব-স্টেশন সংলগ্ন শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুরশেদ বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর।

আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)