ডিএমপির উচ্ছেদ অভিযানে ২৩ জনকে কারাদণ্ড
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়ে ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোতয়ালি ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং সড়ক পরিবহণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে যাত্রাবাড়ী জোনে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সরণি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় সাতজন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যদের সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মগবাজার মোড় থেকে বাংলামোটর সিগন্যাল পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৪৯টি ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় তিন পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।
অন্যদিকে, ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনে কাজীপাড়া, শেওড়াপাড়া ও ভাসানটেক এলাকায় পরিচালিত অভিযানে ছয়জন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা এবং রাস্তা দখলমুক্ত করা হয়।
ট্রাফিক মতিঝিল বিভাগের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ট্রাফিক তেজগাঁও বিভাগের ইন্দিরা রোড এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
ট্রাফিক গুলশান বিভাগে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে প্রায় ৫০টি দোকানকে সতর্ক করা হয় এবং বিধি লঙ্ঘনের অপরাধে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ট্রাফিক উত্তরা বিভাগে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় দোকানদারদের মৌখিকভাবে সতর্ক করা হয়।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)