রাজধানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল মদের বোতল
রাজধানীর একটি আবাসিক এলাকার ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটের কক্ষ থেকে আনিপা নিন্দিয়া (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আনিপা চাঁদপুরের মতলব উত্তর থানার একলাসপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে ছোট ভাইয়ের সঙ্গে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি লালমাটিয়া মহিলা কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।
আনিপার ছোট ভাই আকিল ভূঁইয়া বলেন, গতরাতে বাসায় ফিরে আমার আপুর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা জোরে ধাক্কা দিয়ে দেখি ও অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। পরে আমি বিষয়টি থানা পুলিশকে জানাই।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রায়হানুল ইসলাম জানান, গতরাতে খবর পেয়ে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করি। এ সময় ওই নারীর আশপাশে বেশ কয়েকটি খালি মদের বোতল পাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদহ ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)