সাধারণ যাত্রী সেজে ম্যাজিস্ট্রেটের অভিযান, ৫ চালককে জরিমানা
পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা মানুষের পকেট কাটা ও অতিরিক্ত ভাড়া আদায়ের সিন্ডিকেট ভাঙতে পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে অভিনব এক ঝটিকা অভিযান চালিয়েছে প্রশাসন। আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সাধারণ যাত্রী সেজে ম্যাজিস্ট্রেটের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
জানা গেছে, কাশিনাথপুর মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালকরা কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাঠে নামেন ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। তবে প্রথাগত প্রটোকল বা পুলিশি টহল ছাড়াই তিনি একাই সাধারণ যাত্রী সেজে সিএনজি ভাড়া করতে যান। এ সময় তাকে সাধারণ যাত্রী ভেবে এক চালক ৮০ টাকা, একজন ৬০ টাকা এবং অন্য তিন চালক ৫০ টাকা করে ভাড়া দাবি করেন, যা নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি।
অতিরিক্ত ভাড়ার প্রমাণ হাতেনাতে মেলায় তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, ৮০ টাকা ভাড়া দাবি করা চালককে এক হাজার টাকা এবং অবশিষ্ট চার চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত চালকদের কাছ থেকে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না মর্মে কঠোর মুচলেকা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, ‘ঈদফেরত যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে এই কৌশলগত অভিযান চালানো হয়েছে। যারা জনদুর্ভোগ বাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
ক্যাপশন

এ বি এম ফজলুর রহমান, পাবনা