ধামরাইয়ে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ সুমনার মৃত্যু
ধামরাইয়ে আবাসিক ভবনের গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ চারজনের মধ্যে সুমনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদশা মিয়াসহ আরও তিনজন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (মঙ্গলবার) রাতে ধামরাই থেকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে সুমনা আক্তারের শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দগ্ধদের মধ্যে নিহতের স্বামী বাদশা মিয়া তিন শতাংশ দগ্ধ নিয়ে বর্তমানে হাসপাতালে রয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাদশা মিয়ার মালিকানাধীন দোতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া ফ্ল্যাটের রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণটি ঘটে। ধারণা করা হচ্ছে, লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল, যা আগুনের সংস্পর্শে আসতেই বিস্ফোরিত হয়।

জাহিদুর রহমান