চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া ২৮ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রচেষ্টায় উদ্ধার করা ২৮টি মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া এক লাখ ১৯ হাজার টাকা ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে মোবাইল ফোন ও অর্থ তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৮টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া নগদ এক লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাধারণ মানুষকে মোবাইল ফোন ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। পাশাপাশি কোনো ধরনের প্রতারণার শিকার হলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)