চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। আজ সোমবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তিন হাজারের অধিক সদস্য অংশগ্রহণ করে।
আজ সকালে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশ ও বের হওয়ার পথে বসানো হয় তল্লাশিচৌকি, যাতে অভিযান শুরুর পর কেউ পালিয়ে যেতে না পারে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল সকালে বলেন, ‘যৌথবাহিনীর তিন হাজারের অধিক সদস্য অভিযানে অংশ নিয়েছেন। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে।’
গত জানুয়ারি মাসে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় তখন আর অভিযান চালানো হয়নি।
অতিরিক্ত ডিআইজি নাজমুল আলম জানান, তিন হাজারের অধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান পরিচালনা করছে। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জঙ্গল সলিমপুরে একটি সম্মিলিত চেকপোস্ট বসানো হবে। বিস্তারিত অভিযান শেষে জানানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে হলে তাদের নির্দিষ্ট কার্ড দেখিয়ে প্রবেশ করতে হয়। বাইরের কোন লোক সেখানে প্রবেশ করতে পারে না। প্রবেশ করতে হলে অনুমতি লাগে। জঙ্গলমপুরে সবকিছুই চলে ইয়াসিন বাহিনীর নেতৃত্বে। জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর আইন ছাড়া অন্য কোন আইন চলে না।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম