ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী রতন মিয়া। আজ শুক্রবার (৬ মার্চ) বিকেলে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের কেওয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গার্মেন্টসকর্মী শারমিন রুমা (৩০) নেত্রকোনা জেলার সদর উপজেলার ফাজিলপুর গ্রামের মো. রতন মিয়ার স্ত্রী। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার ইব্রাহিমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পারটেক্স কারখানায় শ্রমিকের কাজ করতেন। স্বামী মো. রতন মিয়া (৩২) একই এলাকার মহর আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এখানে ভাড়া বাসাতে উঠার পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। আজ বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী রতন ধারালো ছুরি দিয়ে পিছন থেকে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করেন। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে রক্তাক্ত স্ত্রীকে ফেলে পালিয়ে যান রতন।
এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল নাফিজ বলেন, রুমা নামের নারীকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসে। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী রতন মিয়া পলাতক। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)