পাথরভর্তি ট্রাক থেকে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
ট্রাকভর্তি পাথরের নিচ থেকে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কসমেটিকস জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবি। ভোর আনুমানিক ৪টার দিকে একটি ট্রাক আসতে দেখে সেটিকে সংকেত দিয়ে থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে দেখে, ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই কসমেটিকসগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ২ কোটি ৪ লাখ টাকা। অবৈধভাবে আনা এই পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ