মানিকগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন
মানিকগঞ্জ জেলা শহরে টি.ও (ট্রান্সফার অর্ডার) লাইসেন্স পুনর্বহাল ও আইডি কার্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছেন খুচরা সার বিক্রেতারা। কর্মসূচির আয়োজন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কেএসবিএবি) মানিকগঞ্জ জেলা শাখা।
গতকাল বুধবার (৪ মার্চ) সকালে জেলা শহরের প্রধান ডাকঘর ভবনের সামনে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার নেতা মো. আওলাদ হোসেন। মানববন্ধনে অংশগ্রহণকারী বিক্রেতারা লাইসেন্স বাতিলের ফলে তাদের ব্যবসা পরিচালনায় সৃষ্ট জটিলতা ও আর্থিক ক্ষতির বিষয় তুলে ধরেন।
বক্তারা অভিযোগ করেন, টি.ও লাইসেন্স স্থগিত বা বাতিল থাকায় তারা বৈধভাবে সার উত্তোলন ও সরবরাহ করতে পারছেন না। এতে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অনেক বিক্রেতা আর্থিক সংকটে পড়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের খুচরা সার বিক্রেতারা পথে বসার উপক্রম হবেন, যা তাদের পরিবারের জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, খুচরা সার বিক্রেতারা সরাসরি কৃষকদের কাছে সার সরবরাহ করে থাকেন। ফলে লাইসেন্স সংক্রান্ত জটিলতার প্রভাব শুধু ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; কৃষকরাও সময়মতো ও সহজে সার সংগ্রহে সমস্যার মুখে পড়তে পারেন। এতে চলতি মৌসুমের কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তারা।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন মো. আওলাদ হোসেন। স্মারকলিপিতে কেএসবিএবি-এর মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে টি.ও লাইসেন্স দ্রুত পুনর্বহাল এবং খুচরা বিক্রেতাদের আইডি কার্ড কার্যকর করার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলাতেও খুচরা সার বিক্রেতারা সার বিতরণ নীতিমালা ও লাইসেন্স সংক্রান্ত পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে অনুরূপ কর্মসূচি পালন করছেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টি দ্রুত সমাধান না হলে সার সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হতে পারে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ