দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপির আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে দুই ঘণ্টা পর তাকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে ঘটনাটি ঘটে।
বাংলাদেশ জামায়াত ইসলামীর পেশাজীবী সংগঠন আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন।
বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসবো না। এরপরই হাতেম উঠে যান এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।
পরে শহরে এনসিপির কার্যালয়ে গিয়ে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের বলেন, বিকেএমইএর সভাপতিকে তিনি ফ্যাসিস্ট বলেছেন এবং তিনি যৌক্তিক মন্তব্য করেছেন।
বিকেএমইএর সভাপতি জুলাই অভ্যুত্থানকে ‘তাণ্ডব’ বলেছেন দাবি করে তাকে ক্ষমা চাইতে বলেন আব্দুল্লাহ আল আমিন। সেটি না হলে সাধারণ ছাত্রজনতা ফ্যাসিস্টদের আবারও প্রতিহত করতে রাজপথে নামবে।
এ বিষয়ে মোহাম্মদ হাতেম বলেন, তিনি (আব্দুল্লাহ আল আমিন) বক্তব্যে ফ্যাসিস্টের দোসর বলায় আমিসহ বিভিন্ন শিল্পকারখানার মালিকরা উঠে যাই। এসময় অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে চলে আসার পরও উত্তেজনা বিরাজ করায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে ফোন করে স্থানীয় সংসদ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করার জন্য অনুরোধ করি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ইফতার মাহফিলে বিকেএমইএর সভাপতি হাতেমকে ফ্যাসিস্টদের দোসর বলায় তার সমর্থকরা সংসদ সদস্যকে ঘেরাও করে। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলি। পরে রাত ৮টায় আল আমিনকে আমরা উদ্ধার করি।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)