হুরন নাহার রশিদ স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত
মানিকগঞ্জে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মা, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ। জানাজায় অংশ নেন জেলার সর্বস্তরের মানুষ।
আজ রোববার (১ মার্চ) বাদ আসর মুন্নু সিটিতে মুন্নু মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় হুরন নাহার রশিদের জানাজা।
জানাজা শেষে মরহুমার মরদেহ মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে দাফন করা হয়।
এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুরন নাহার রশিদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে হুরন নাহার রশিদ রেখে গেছেন দুই মেয়ে আফরোজা খানম রিতা ও ফিরোজা মাহমুদ, তিন নাতি, দুই জামাতা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন।
জানাজায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জানাজার মাঠ পরিণত হয় এক শোকস্তব্ধ জনসমুদ্রে। অনেকেই স্মরণ করেন তাঁর বিনয়, পরোপকারিতা ও নীরব সমাজসেবার কথা। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে আন্তরিক সমবেদনা।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ