আবুজর হত্যা : শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে রাজধানীর গুলশানে আবুজর শেখকে (২৪) গুলি করে হত্যার অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় এই অভিযোগপত্র দাখিল করা হয়।
মোক্তার হোসেন বলেন, এটিইউর উপপরিদর্শক(এসআই) ইসরাইল হোসেন এই মামলার তদন্ত করেন। এ ছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
অভিযোগপত্রের উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য (এমপি) মির্জা আজম ও হাইকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর গুলশানের প্রগতি সরণিতে বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলি চালান। এতে আবুজর শেখ গুলিবিদ্ধ হন। এরপর প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর আবুজর শেখের মা ছবি খাতুন গুলশান থানায় হত্যা মামলা করেন।

আদালত প্রতিবেদক