অভিযোগ দেওয়া আসনে ভোট পুনর্গণনা করে সত্য উন্মোচন করা হোক : গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা যে সব আসনের বিষয়ে অভিযোগ, দিয়েছি সেসব আসনের ব্যালট সংরক্ষণ ও ভোট পুনর্গণনা করে জাতির সামনে সত্য উন্মোচন করা হোক।
ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নিয়মতান্ত্রিকভাবে আমরা সরকার পরিবর্তনের সিস্টেম চালুর জন্য সংসদে ভূমিকা রাখব। কোন অনিয়মতান্ত্রিক ও হটকারি সহিংসতা, চরমপন্থা ইসলাম সর্মথন করে না। জামায়াতে ইসলামীর পক্ষে ভোটের জোয়ারে দেশ ও বিশ্ববাসী বিস্মিত হয়েছিল। জামায়াতকে ভোট দেওয়ার জন্য নির্বাচনের দুই দিন আগে থেকে ছুটি নিয়ে ট্রেনের ছাদে বাসে গ্রামে গেছেন ভোটাররা। ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লার ভোটার উপস্থিতি ছিল নজিরবিহীন। ভোট শুরু হলো, সারাদেশ থেকে জামায়াতের আসনে বিজয়ের খবর আসতে শুরু করল। রাত নয়টার পরে প্রহসনমূলকভাবে মিডিয়াতে সেই ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয়েছে।
মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সারের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নবনিযুক্ত ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, মহানগর সাংগঠনিক সেক্রেটারি আল হেলাল তালুকদার, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, মহানগর শিল্প ও বাণিজ্য বিষয়ক সভাপতি সামসুদ্দোহা মাসুম, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল আজিজ, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, মাস্টার হায়দার করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আইয়ুব আলী, ময়মনসিংহ