ভোটারদের টাকা দেওয়ার সময় জামায়াতনেতা আটক
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের মির্জাগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় কামাল হোসেন নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটক কামাল হোসেন মাধবখালী ইউনিয়ন জামায়াতের আমির বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে ওই জামায়াত নেতা ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার টাকা বিতরণের ভিডিও ধারণ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) চন্দন জানান, স্থানীয়রা তাকে টাকা বিতরণের ভিডিও দেখিয়েছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. সালাম জানান, স্থানীয়রা একজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. মলিহা খানম জানান, বিষয়টি শোনার পর সেখানে মোবাইল টিম পাঠানো হয়েছে।

কাজল বরণ দাস, পটুয়াখালী