জনগণের রায় পেলে গ্যাস সমৃদ্ধ ভোলার দৃশ্যপট পাল্টে দেব : পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে অবহলিত জনপদ গ্যাস সমৃদ্ধ ভোলার দৃশ্যপট পাল্টে দেব।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়ন হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন পার্থ।
আন্দালিব রহমান পার্থ বলেন, দ্বীপ ভোলার মানুষ একেবারেই অবহেলিত, মৌলিক অধিকার বঞ্চিত। বিগত আমলে আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। মানুষের ভাগ্য উন্নয়ন হয়নি। ভোলাতে আত্মীয়-তন্ত্র ছাড়া আর কিছু দেখেনি মানুষ। রাস্তা, ঘাট, পুল, কালভার্ট, গ্রামীণ অবকাঠামোগুলোর জীর্ণ দশার উন্নতি করেনি।
বিজেপির চেয়ারম্যান আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ভোট দিয়ে বিজয়ী করে আপনারা যেমন ঠকেননি, তেমনি তারেক রহমানকে ভোট দিয়ে বিজয়ী করেও বাংলাদেশ ঠকবে না।
পার্থ বলেন, তারেক রহমান শুধু দেশবাসীকে নিয়েই ভাবেন। জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের সংগ্রাম করেন। তার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক সুখি-সমৃদ্ধ বাংলাদেশ।
ইউনিয়ন বিএনপির সভাপতি রাজ্জাকুল হায়দার মিলনের সভাপতিত্বে বিএনপি ও বিজেপি যৌথভাবে আয়োজিত জনসভায় আরও বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসূল আলমসহ উত্তর দিঘলদী ইউনিয়নে দল দুটির নেতারা।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)